আজকাল ওয়েবডেস্ক: নিজের সমাজ মাধ্যমের পাতায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের চাঁদপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। তার বাড়ি মুর্শিদাবাদ সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকায়।
গত কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের ওই যুবক নির্দিষ্ট কয়েকটি ইস্যুর ভিত্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করছিলেন। বিষয়টি সম্প্রতি সামশেরগঞ্জ থানার এক ব্যক্তির নজরে আসে। এরপর তিনি সামশেরগঞ্জ থানায় মোস্তাফিজুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রের খবর, ধৃত ওই যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি বেশিরভাগ সময় সামশেরগঞ্জ থানা এলাকায় থাকতেন। গতকাল রাতে পুলিশ খবর পায় অভিযুক্ত ওই যুবক বাংলা ও ঝাড়খণ্ডের সীমানা ভর্তি সীমান্তবর্তী চাঁদপুর বাজারে এসেছেন। এর পরই পুলিশ ওই যুবকের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে। এরপর রাতে তাকে চাঁদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ওই যুবক নিজের মোবাইল ফোন থেকেই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করতে। পুলিশ ইতিমধ্যে ওই যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। সাম্প্রতিক সময়ে সে আর কোনও বিষয়ে আপত্তিকর পোস্ট করেছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশের এক আধিকারিক জানান, ওই যুবকের মোবাইল ফোন খতিয়ে দেখে তাঁদের ধারণা ওই যুবক কট্টর মৌলবাদী ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠছিলেন। সেই কারণে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে নিয়ে সে নিয়মিত দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করছিলেন।
পুলিশের বক্তব্য, ওই যুবক যে ধরনের ছবি পোস্ট করতেন এবং সমাজ মাধ্যমে মন্তব্য করতেন তাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। ধৃত যুবকের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করেছে পুলিশ।
সমাজের মাধ্যমে ওই যুবক যে ধরনের মন্তব্য করত তার পেছনে কেউ প্ররোচনা দিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
সামশেরগঞ্জের বিজেপি নেতা প্রবীর সাহা বলেন ,"দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও ধরণের খারাপ মন্তব্য মেনে নেওয়া যায় না। তিনি যে দল থেকেই জিতে আসুন, বর্তমানে মোদিজি আমাদের সকলের প্রধানমন্ত্রী। যারা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলবে আমরা তাদের কঠোর শাস্তির দাবি রাখছি। "
