মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঝালকাঠিতে জেলেদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কলাবাগান এলাকার সুগন্ধা নদীর তীরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।
সভায় বক্তারা প্রজনন মৌসুমে সুগন্ধা ও বিষখালীসহ সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান। দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকা সুরক্ষায় মা ইলিশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এবং ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদারসহ প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, মজুত ও বিপণনে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিষেধাজ্ঞা চলাকালীন ঝালকাঠির নিবন্ধিত জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেএইচআর
