বগুড়ার ধুনটে মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে জব্দ করা সাড়ে ৫ কেজি ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদসহ মৎস্য দপ্তরের কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে জব্দ করা ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা সাড়ে ৫ কেজি ইলিশ মাছ ‘পূর্ব ভরণ শাহি এতিমখানা’য় প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং নদীর মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষা ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
The post ধুনটে যমুনা নদীতে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ appeared first on ভোরের চেতনা.
