সংবাদ · সাধারণ
খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ অর্ধদিবস অবরোধ
২৪/১০/২০২৬

সাজেকে আন্দোলনকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। সাজেকবাসীর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে। ভোর থেকেই খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটারদের সড়ক ও নৌপথে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুই জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী পরিবহন এবং গণমাধ্যমকর্মীদের বহনকারী গাড়ি এই অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা অবরোধ কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল এবং খাগড়াছড়ি ও রাঙামাটির সর্বস্তরের যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।এদিকে তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে আগে থেকেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে ‘সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। এতে সাজেক রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে–পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস–সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে প্রত্যাহার। অবশ্য জেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে।এর আগে সাজেক থেকে ফেরার পথে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে নিয়ে আসার সময় বৃহস্পতিবার বাঘাইছড়ির উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের তুমুল উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি বর্ষণ করলে আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। উদ্ভূত নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।/
মূল প্রতিবেদনে যান ↗