দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো নেই। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা যে আন্দোলন করছেন, আলোচনা মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত।’
তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুনে জড়িত গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’
বিএনপি নিজেরাই তাদের ৩১ দফা মানছে না দাবি করে পরওয়ার বলেন, ‘নবম দফার বিপরীতে গিয়ে সব ক্ষেত্রেই দলীয়করণ করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আমলের গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।’ আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের পরিবর্তন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি ঢাকার আর কোনো পথ নেই বলেই দেশপ্রেমিক বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির সুযোগও সরকার করে দিচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সাত মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’
শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।
