জামালপুরে অসহায়, হতদরিদ্র ও শারীরিকভাবে চলাচলে অক্ষম ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর শহরের কম্পপুর মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যাঁরা শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য হুইলচেয়ার গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এর মাধ্যমে তাঁদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে।
তাঁরা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। শুধু সহায়তা প্রদান নয়, তাঁদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা প্রয়োজন।
বক্তারা মনে করেন, উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এতে তাঁদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং হতদরিদ্র পরিবারগুলোর আয় বাড়ার পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে জামালপুরের অসহায়, প্রতিবন্ধী ও শারীরিকভাবে চলাচলে অক্ষম ৫০ জনের হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের চলাচল সহজ করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা নেওয়া হয়েছে।
The post জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ appeared first on SATV.
