ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের আমরণ অনশন কর্মসূচি থেকে মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের বাসিন্দা এবং ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিত মৎস্য ক্যাডারের প্রার্থী বলে জানা গেছে। একই সঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে অনশনস্থল থেকে মনিরুজ্জামানসহ চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওনের নেতৃত্বে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক অন্য তিনজন হলেন এইচ এম ফেরদাউস খান, একরাম গাজী ও মো. হাবিবুল ইসলাম।
জানা যায়, গত ২১ অক্টোবর বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিত প্রার্থীদের উদ্যোগে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
তবে আটকের ঘটনা এবং আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
The post ঢাবিতে অনশন থেকে আটক ফুলপুরের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান appeared first on ভোরের চেতনা.
