সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ভাগলপুর এলাকায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় টহল দল। এ সময় ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তি কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা কার্টন ফেলে পালিয়ে যান।
পরে কার্টনগুলো তল্লাশি করে ১৫ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
The post ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ appeared first on সকালের খবর ২৪.
