নারায়ণগঞ্জের ফতুল্লায় কাচ চুরির অভিযোগে মারধরের পর ইয়াসিন (২১) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারধরের অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকার হাজিপাড়ায় আব্দুর রহমান কাসেমীর বাড়ির গেটের সামনে মরদেহটি পাওয়া যায়।
নিহত ইয়াসিন মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি আব্দুর রহমান কাসেমীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
পুলিশ জানায়, আব্দুর রহমান কাসেমীর বাড়ি থেকে কাচ চুরির অভিযোগ উঠে ইয়াসিনের বিরুদ্ধে। এ নিয়ে আবুল মিয়ার ছেলে শান্ত, আক্তার দেওয়ানের ছেলে জনি দেওয়ান ও মৃত কফিল উদ্দিন মুন্সীর ছেলে ইমরান তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এরপর শনিবার রাতে ওই বাড়ির গেটের সামনে ইয়াসিনের গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়। মারধরের ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পারে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা থানা উপ-পরিদর্শক (এসআই) শামসুদ্দোহা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
