হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ ছুটি পাবেন শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারীরা।
২০২৬ সালের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবর এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা ছুটির সময় দাঁড়ায় নয় দিন। পাশাপাশি ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি কার্যকর হলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ছুটির তালিকা ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমের কথা বিবেচনা করে ছুটির সূচিতেও পরিবর্তন আনা হতে পারে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজসংক্রান্ত ছুটির সূচিতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে অবকাশ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধের দিনগুলো যুক্ত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হতে পারে।
কলেজের ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের শুক্রবার-শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হলে ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চূড়ান্ত ছুটির সূচি অনুযায়ী বিষয়টি নিশ্চিত করতে হবে।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি রাখা হয়েছে।
