খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আসাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করা হচ্ছে।
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারীরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে কম খরচে উপজেলা পর্যায়েও এসব সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া। এ জন্য ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এনএম
