রাঙামাটির নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোনের (১৭ ই বেঙ্গল) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজা উদ্যাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুর্গাপূজার আয়োজন পরিদর্শন করেন জোন কমান্ডার। এ সময় মন্দির ও পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে জোন কমান্ডার বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক মিলন ও আনন্দ ভাগাভাগিরও উপলক্ষ। এ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। পার্বত্য অঞ্চলের চাকমা, তঞ্চঙ্গ্যা, মারমাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, সংগীত ও আতিথেয়তা এ অঞ্চলের উৎসবকে আরও বৈচিত্র্যময় করে তোলে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও নানিয়ারচর সেনা জোন এ অঞ্চলের সব জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় অনুষ্ঠানসহ স্থানীয়দের বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সহযোগিতা করবে। যেকোনো প্রয়োজনে সাধ্য অনুযায়ী পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়।
সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় জনসাধারণের কল্যাণে ভবিষ্যতেও নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এই বাংলা/এমএস
