অশ্লীল অ্য়াঙ্গেল থেকে নায়িকাদের কুরুচিকর ছবি ও ভিডিও তোলা নিয়ে দিনকয়েক আগেই বিগ বসের মঞ্চ থেকে পাপারাজ্জিদের একহাত নিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’ অভিনেতা সালমান খান। সেদিন প্রকাশ্যে তাদের সাবধান করেছিলেন তিনি।
সম্প্রতি ‘আইফা ২০২৭’ সালের প্রচার উপলক্ষ্যে মুম্বাইয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুরের সঙ্গে স্টাইলিশ লুকে হাজির হন সালমান। সেই মঞ্চে ছবি তোলার ঝলমলে আবহের মাঝেই এবার পাপারাজ্জিদের উদ্দেশে ভাইজান তার আগের সতর্কবার্তা ফের স্মরণ করিয়ে দিলেন।
আপত্তিকর কোণ থেকে তারকাদের ছবি তোলার অভ্যাসের কঠোর সমালোচনা করে পাপারাজ্জিদের তাদের সীমারেখা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়ে সালমান বলেন, ‘পেছনের দিকের কথা, কিন্তু মনে রেখো— তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’
তিনি বলেন, যেসব অভিনেত্রী পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না—উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা ফটো সাংবাদিকদের থাকা উচিত।
গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে পেছনের দিক থেকে নারী তারকাদের কুরুচিকর ছবি তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাইজান। সেসময় সালমান খান বলেছিলেন—পেছন থেকে যেসব ছবি নেওয়া হয়, তা কোনো নায়িকা পছন্দ করেন না। ৯০ শতাংশ মেয়ে এবং যারা এখন মা হয়েছেন, তারা কেউই এটা চান না। যে নারীরা এটা পছন্দ করেন না, তাদের উচিত পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! ওদের বলা উচিত— নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। জঘন্য মানসিকতা!’
যারা এ ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন অভিনেতা।
উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হবে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইতিহাদ অ্যারেনা’য়। আগামী বছরের ২২ ও ২৩ জানুয়ারি বসবে এ চাঁদের হাট।
সেই জমকালো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর ও মণীশ পল। এ ছাড়া সালমান খান, কারিনা কাপুর এবং জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির তারকারাও সেখানে মঞ্চ কাঁপানো পারফর্ম করবেন।