তাঁর সাজগোজ, স্টাইল স্টেটমেন্ট সকলের নজরকাড়া। চোখা চোখা যুক্তিতে ঘায়েল করেন অনেককেই। সেই দীপ্সিতা ধর নাকি এবার শুরু করতে চলেছে সংসার জীবন? সব ঠিক থাকলে নাকি ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন তিনি? পাত্র কেরলমের বাসিন্দা? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে এমনই নানা প্রশ্নের জবাব দিলেন বামনেত্রী।
তিনি জানান, “যাঁরা এটা জেনেছে, যদি আমাকেও জানিয়ে দেন কোথায় হবে, কার সঙ্গে হবে, তাহলে আমিও বাধিত থাকব। আমি যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, তিনিও এটা জানেন না। মানে ডিসেম্বরে যে আমি তাঁর সঙ্গে বিয়ে করব, এটা তিনিও জানেন না।” কেরলমের পাত্র প্রসঙ্গে দীপ্সিতা বলেন, “কেরলমের যদি এমন কেউ থেকেও থাকে, তিনিও জানেন না তিনি আমার পাত্র। আমিও আজ এখানে এসে এক্সক্লুসিভলি এসব জানতে পারছি। ডিসেম্বরে কেন? সাম্প্রতিক সময়ে তাঁর বিয়ে করার কোনও সম্ভাবনাই নেই।”
তবে দীপ্সিতা যে প্রেমে রয়েছেন, তা সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন। বামনেত্রী বলেন, “বিয়ে একটি মিউচুয়াল ডিসিশন। যে মানুষটিকে আমি বিয়ে করতে চাই, আমাদের দু’জনের একইসঙ্গে এই ডিসিশনটা নিতে হবে। তবে এই মুহূর্তে আমাদের বিয়ের পরিকল্পনা নেই। আপাতত আমাদের দু’জনেরই ব্যক্তিগত জীবন, কেরিয়ার এসব নিয়ে সেটেলড হতে হবে। আমরা দু’জনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫ বছর, ১০ বছর কীভাবে কাটাব। সেটা যদি হয়ে যায়, যদি কোথাও দু’জনে একটা জায়গায় তালমিলে আসতে পারে তাহলে নিশ্চয়ই বিয়ের পরিকল্পনা করব।”
