চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। কোনো এক পরিবহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি আপাতত থানায় রাখা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
