Published on
:
2 min read
পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইমতো পঞ্চমীর বিকেলেই কলকাতা-সহ শহরতলির একাধিক জায়গা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়। মেঘলা আকাশ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দু’দিন।
একনজরে
পঞ্চমীর বিকেলে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।
ষষ্ঠীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তমীতেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
অষ্টমী থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সল্টলেক চত্বরে বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার, হাওড়া জেলার উলুবেড়িয়ায় ৭.৮ মিমি, আলিপুর সংলগ্ন এলাকায় ৪.৮ মিমি, দক্ষিণ ২৪ পরগনায় সাগর এলাকায় ২.০ মিমি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
ষষ্ঠী ও সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া?
ষষ্ঠী: আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর দিন মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হবে। কলকাতায় বিকেল পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টি হতে পারে।
সপ্তমী: শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হলেও বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
অষ্টমী থেকে হাওয়া বদল
আকাশের মুখ ভার, ঝিরঝিরে বৃষ্টির উৎপাত বন্ধ হবে সোমবার থেকেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে হালকা শীত অনুভূত হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ধীরে ধীরে দিনের গড় তাপমাত্রা কমবে।
পাহাড়ে কেমন থাকবে আবহাওয়া?
অনেকেই পুজোর ছুটিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পাহাড়ে। কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপ দেখার সুযোগ পেতে পারেন পর্যটকরা।
FAQ
১. ষষ্ঠীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
ষষ্ঠীর দিন কলকাতায় বিকেল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২. সপ্তমীতে কি কলকাতায় বৃষ্টি হবে?
হ্যাঁ, সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৩. দুর্গাপুজোর অষ্টমী থেকে কি বৃষ্টি বন্ধ হবে?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। একাদশী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
৪. পুজোর সময় উত্তরবঙ্গের পাহাড়ে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫. পুজোর কোন দিন থেকে রোদ ঝলমলে আবহাওয়া উপভোগ করা যাবে?
দক্ষিণবঙ্গে অষ্টমী থেকে শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় রবিবার থেকে রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে।
