ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তারের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুনিরা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন মুনিরা। পরবর্তীতে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ জানান, শনিবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মুনিরার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, মুনিরার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি জানার পর থেকেই আমি জুনায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাৎক্ষণিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, শুরু থেকেই মুনিরার চিকিৎসার যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে।
হিমেল হান্নান/এমএমবি
