বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।
নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, “বাংলাদেশ সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। সবসময় যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারি।”
