প্রকাশিত: ২০:৫৬, ২৩ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জাহানারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিঘর গ্রামের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খাবার খেয়ে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কোনো কিছুর কামড় অনুভব করে ঘুম ভেঙে যায়। পরে বিছানা থেকে একটি সাপ নেমে যেতে দেখে চিৎকার দেন জাহানারা বেগম। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়৷ সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জাহানারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে অ্যান্টিভেনোম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই জাহানারা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেছেন, রাত সাড়ে ১২টার দিকে জাহানারাকে সাপে কামড় দেয়। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
