সারি সারি পুরোনো ভবন, প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের নানা স্মারক দেখতে প্রতিদিনই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী যান দেশি-বিদেশি পর্যটকেরা। এবার ঐতিহাসিক এই নগরী ঘুরে মুগ্ধতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিনিধিদল নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনা ঘুরে দেখেন। অল্প সময় অবস্থান করলেও পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এটিকে মার্কিন রাষ্ট্রদূতের পারিবারিক সফর উল্লেখ করে পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত পরিবারের সদস্যদের নিয়ে পানাম নগরী ঘুরতে এসেছিলেন।
পানাম নগরী পরিদর্শনের পর সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কারুপল্লির সুঁই-সুতা দিয়ে তৈরি নকশিকাঁথা এবং জামদানি পল্লি ঘুরে দেখেন। তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ি ও নকশিকাঁথার নিখুঁত নকশা ও কারুকাজ দেখে মুগ্ধ হন তিনি। তবে সময় স্বল্পতার কারণে ফাউন্ডেশনের জাদুঘর ও বড় সরদারবাড়িতে প্রবেশ করেননি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লিতে তাঁতিদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখেছেন। নকশিকাঁথা ও জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি মুগ্ধ হন। পরে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা। এ ছাড়া সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
