The Sangbad · রাজনীতি
সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
১৪/১০/২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৯ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের এই চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশনটি সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে।এর আগে, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হয়। সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। সেই বাধ্যবাধকতা থেকেই এই নতুন অধিবেশন ডাকা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗