চাঁদপুরের ফরিদগঞ্জে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নেতার নাম মোহাম্মদ মিজি (২২)। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের সন্তান। উল্লেখ্য, কয়েক দিন পূর্বে একই ধরনের রাজনৈতিক অভিযোগে তাঁর বোনের স্বামী স্থানীয় ছাত্রলীগ নেতা সোহাগকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন ও সরকারবিরোধী সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতায় যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ অভিযান চালায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ওই কর্মী-নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের বিশেষ এই তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করার পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর
