সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে। অন্যদিকে, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল বোয়ালিয়া মোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় পণ্যগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধ এবং জনস্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ appeared first on ভোরের চেতনা.
