অনলাইন ডেস্ক
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তাঁর মৃত্যুর দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কোটা সংস্কার আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। একই দিনে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকজন নিহত হন। পরবর্তীতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানান।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশজুড়ে শোকর্যালি, আলোচনা সভা, স্মরণানুষ্ঠান, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। দিবসটি ঘিরে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
