ছোটন সাহা।।
ভোলার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদরের আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে ‘চোখের আলো রেটিনা গ্লুকোমা হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’। চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাকিবের পরিচালনায় অভিজ্ঞ চিকিৎসক দল দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ নুরনবী, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন, আলীনগর ইউনিয়ন বিজেপির আহ্বায়ক আনসার ফরাজি ও সদস্য সচিব আবদুল মালেক। ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করেন ভোলা জেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইংরোজ আলম টিমন।
এ সময় বিজেপির আলীনগর ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারীরা। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের চক্ষু চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।