ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এক পক্ষ বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করলেও অপর পক্ষ জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি তুলে ধরে তাদের বিরুদ্ধে করা অভিযোগকে ভিন্নভাবে উপস্থাপনের দাবি করেছে।
অভিযোগপত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জের গোপপাড় মৌজার একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বাতেনের সঙ্গে মোশারফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আব্দুল বাতেনের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল বাতেনের দাবি, হামলা ও ভাঙচুরে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। পাশাপাশি ভয়ভীতি দেখানো এবং পিস্তল প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। বাড়ির আসবাবপত্র ও দেয়াল ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ করেছেন আব্দুল বাতেন।
এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মোশারফ জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পাল্টা অভিযোগ করেছেন বলে জানা গেছে। তার দাবি, প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘আমি সারাদিন থানার বাইরে ছিলাম। অভিযোগ হয়েছে কি না, তা আমার জানা নেই। যদি অভিযোগ হয়ে থাকে, তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
