বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এদেশে কোনো ধরনের জঙ্গিবাদ বা উগ্রবাদের স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি।
রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এমপি শাহজাহান বলেন, বাংলাদেশ একটি সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। দীর্ঘকাল ধরে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে।
তিনি আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর নানামুখী চক্রান্ত করা হয়েছিল। সেই সময় জঙ্গিবাদের তকমা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামাসহ অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে নির্যাতন করা হয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে একটি অহিংস ও অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমোয়রা ইসলাম, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজু উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন দেবালয় ও পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
