প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম
রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া ও বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। অন্যদিকে, আহত শ্রাবণ মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়াছিন নিহত হন। গুরুতর আহত হন শ্রাবণ মিয়া।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
