জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি, জনগণেরও সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক নাগরিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করে এনসিপির শরীয়তপুর জেলা শাখা।
সারজিস আলম বলেন, আমরা ভেবেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের পরে বেশি আসন পেয়ে বিএনপি বাংলাদেশের জনগণের সরকার হয়ে উঠবে। কিন্তু যখন প্রত্যেকটি জায়গায় নিয়োগ হয়, যখন সারের ডিলার দেওয়া হয়, তখন আমরা দেখি বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। জনগণেরও সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
সারের ডিলার নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, সারের ডিলার নিয়োগে অভিজ্ঞতা দেখা হয় না, ব্যবসায়ী দেখা হয় না। বরং কে বিএনপির ছেলে, কে বিএনপি নেতার স্ত্রী, কে কার শ্যালক- এসব দেখে জনগণকে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষকে আবার ১৬ বছরের জুলুম-নির্যাতনের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, আমরা দেখছি, আজ প্রত্যেকটি আদালতের জায়গায় বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা ঠিক করে দিচ্ছেন কে জামিন হবে, কে হবে না। আমরা দেখছি, থানার ওসি সাহেবকে ফোন দিয়ে, এসপি সাহেবকে ফোন দিয়ে বিভিন্ন ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, তাদের কথা অনুযায়ী কাজ করতে হবে। কাজ না করলে থানায় থাকতে পারবেন না।
তিনি বলেন, এ ধরনের হুমকি যারা দেয়, তাদের মধ্যে আমরা ১৬ বছর আগের চরিত্র দেখতে পাই।
বাংলাদেশে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে কেউ আর কোনোদিন ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না।
নাগরিক সভায় এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্য ইমরান হোসেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
