শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩), অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে কেন্দ্র করে ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩, রংপুরের সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। পূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সাদাপোশাকে তৎপরতা বাড়ানো হয়েছে।
পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য, গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান আবু রোহানি পারভেজ রনী। একই সঙ্গে নাশকতার চেষ্টা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মধুসূদন বণিক, বাংলাদেশ পূজা ফ্রন্টের জেলা আহ্বায়ক মধুসূদন বণিক ও সদস্যসচিব নারায়ণ চন্দ্র ঝা।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গোৎসব নিরাপদ ও আনন্দময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়।
এই বাংলা/এমএস
