১৪ বছর আগে পুরান ঢাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে দর্জির দোকানি বিশ্বজিৎ দাসকে হত্যা মামলাটির আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী ৮ ডিসেম্বর এ শুনানি হবে। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে মামলাটির আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। এ মামলায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।
এরপর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তারা হলেন— রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু।
এ ছাড়া মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনকে। অন্যদিকে, বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা।
তবে রায়ের বিরুদ্ধে আপিল না করায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাকি ১১ জনের সাজা বহাল রাখা হয়। তারা হলেন— খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করেন। সেই আপিল দ্রুত শুনানির জন্য এবার রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওয়াসিমসহ ছয় হত্যা, অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ : চব্বিশের জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ আসামি ২২ জন।
প্রসিকিউশন জানায়, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ আদেশ পুনর্বিবেচনা চেয়ে গ্রেপ্তার পাঁচ আসামি আবেদন করেন। শুনানি শেষে আবেদনটি খারিজ হওয়ায় নিয়ম অনুযায়ী মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের কার্যক্রম এগোবে। এ মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি হলেন— সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। শুনানিতে ফজলে করিমের আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ ও সাক্ষীর ঘাটতির কথা তুলে ধরে আবেদন বিবেচনার অনুরোধ জানান।
