আজকাল প্রায় সকলেই অনলাইন বিভিন্ন সংস্থা থেকে কেনাকাটি করে থাকেন। অনেক সময় এমন হয় যে বাড়ির একেবারে দোরগোড়ায়ই থাকে দোকান। কিন্তু ওই দুই পা যেতেও কুঁড়েমি লাগে। কারও আবার ঘরের সাধারণ পোশাক ছেড়ে বাইরে যাওয়ার পোশাক পরাকেও খুব বড় কাজ মনে হয়। ছোটখাটো কেনাকাটা করতে গেলে নানা প্রলোভনও দেখায় সংস্থাগুলি। জানায়, বড় অঙ্কের খরচ করলে মিলবে বিশেষ ছাড়। আর তা দেখেই প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটাও হয়ে যায়।
সম্প্রতি এমনই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক তরুণ। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, গত তিন বছর ধরে প্রত্যেক দিন একটি অনলাইন ডেলিভারি সংস্থা থেকে কমবেশি ৮০০ টাকার জিনিস আনান তিনি। তরুণের দাবি, ওই অনলাইন সংস্থাটির ব্যবসাবৃদ্ধিতে বিপুল অবদান রয়েছে তাঁর। অতটা সংস্থার কর্মীদেরও নেই।
খানিকটা মজার ছলেই তরুণ এর পর যোগ করেছেন, তাঁর যদি একটি টিশার্ট পরার সাহস থাকত তবে এমন বিপুল অঙ্কের খরচ রোজ হত না। বহু ক্ষেত্রেই এমন হয় যে তাঁর দরকারের জিনিসগুলির দাম ২৪০ টাকা। কিন্তু এটা-ওটা নানা অপ্রয়োজনীয় জিনিস তালিকায় যোগ করতে করতে তা গিয়ে দাঁড়ায় ৮০০ টাকায়। তরুণের মতে, ওই অনলাইন সংস্থার শীঘ্রই চাকরি দেওয়া উচিত তাঁকে। সবশেষে ঠাট্টার ছলে তিনি লিখেছেন, আরও ৮০০ টাকা খরচ করে ফেলার আগেই তাঁকে কাজে নিযুক্ত করুক ওই সংস্থা।
‘কড়াইপনির’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্টটি হয়েছে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পোস্টটি প্রায় ২ লক্ষ বার দেখা হয়েছে। তরুণের দাবি দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক জন মজার ছলে লিখেছেন, “যে কর্মীর বদলে আপনি কাজ পাবেন ভেবেছেন, তাঁর মাইনে তিন গুণ বেড়ে গিয়েছে। কেননা তাঁর মাধ্যমেই আপনি রোজ জিনিসপত্র আনান।” আর এক জন লিখেছেন, “আমিও আছি আপনার দলে।”
