ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছিল তাসকিন আহমেদের পেসে। ২৪ রানের মধ্যেই ৩ উইকেট তুলে নেন তিনি জিম্বাবুয়ের। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ। ক্রেইগ আরভিনের ৯৩ ও বেন্ডন টেলরের ৮১ রানে ৫০ ওভারে ২৭১ রানের সংগ্রহ পায় তারা। এরপর জবাব দিতে নেমে ব্যাট হাতেও ভালো সূচনার পরও ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে হেরেছে ৯৯ রানের বড় ব্যবধানে ।
তবে দ্রুত অলআউট হওয়ার পেছেনে জিম্বাবুয়ের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের চেয়েও দায়টা বেশি বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদেরই দুষলেন তাসকিন আহমেদ।
বিজ্ঞাপন
শনিবার আবুধাবিতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার যোগ করেন ৪৭ রান। ওই জুটিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ। এরপর আর সেভাবে জুটি না হওয়ায় দুইশো রানও করতে পারেনি বাংলাদেশ।
বিজ্ঞাপন
তাসকিনও মনে করেন সেখানেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। তার ভাষায়, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেতো। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের (আজ) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’
শুরুটা হতাশাজনক হার দিয়ে হলেও হাল ছাড়ছেন না তাসকিন। এখনও সুযোগ দেখছেন ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইবো যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
