নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুকন নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। সেখানে গিয়ে রুকনের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তাঁর স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। রুকনের বাড়ি নেত্রকোণার মদনপুরের পূর্বপাড়া এলাকায়। তিনি ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর শ্বশুরবাড়ি মৌলভীবাজারে।
পরিবারের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত থেকে রুকন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার বিকেলে জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
নেত্রকোণা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো ছিল। তাঁর শরীরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন তেমন দেখা না গেলেও চোখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, একজন অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ কিংবা এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
The post নেত্রকোণায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের ম/র/দেহ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
