একসময় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অরকুট আবার চালুর উদ্যোগ নিয়েছেন এর প্রতিষ্ঠাতা অরকুট বুয়ুককোকতেন। ২০০৪ সালে গুগলে কাজ করার সময় তিনি এটি চালু করেন। ভারত ও ব্রাজিলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অরকুট ২০১৪ সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায়। সে সময় এর সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৩০ কোটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় প্রতিষ্ঠাতা ব্যবহারকারীদের অরকুটের ওয়েবসাইটে গিয়ে এটি ফিরিয়ে আনার পক্ষে সমর্থন জানাতে আহ্বান জানান। অরকুটের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যালগরিদমের ক্রমবর্ধমান প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের প্রকৃত সংযোগকে দুর্বল করে দিচ্ছে। তিনি এমন একটি মাধ্যম গড়তে চান, যেখানে প্রকৃত মানুষ, বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক গুরুত্ব পাবে। এর আগে ২০১৬ সালে তিনি ‘হ্যালো’ নামে আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু করলেও সেটি ২০২০ সালে বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কাজের কথাও জানিয়েছিলেন। তবে অরকুটের নতুন সংস্করণ তৈরির কাজ শুরু হয়েছে কি না, কিংবা এটি কবে চালু হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেননি প্রতিষ্ঠাতা। ফলে অরকুটের প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত।
