মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদ্রারাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতকারীরা তাকে কোনো চেতনানাশক খাইয়ে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শনিবার (২৪ অক্টোবর) ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। নিহত মাওলানা জসিম শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার মাজদিহী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে বরুণা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার বাসায় থাকতেন মাওলানা জসিম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তার শরীরে দৃশ্যমান কোনো রক্তাক্ত বা শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।
