সংবাদ · সাধারণ
প্রতিমা দর্শনে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাই-বোনের
২০/১০/২০২৬

যশোরের ঝিকরগাছায় শিক্ষক পরিবারের পূজার আনন্দ মুহূর্তেই ঢেকে গেল গভীর বিষাদে। পরিবারের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা দর্শনে বেরিয়ে প্রাণ হারিয়েছে দুই অবোধ শিশু। নসিমন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে।নিহত দুই ভাই-বোন হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। সোমবার বিকেলে তিনি স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রতিমা দেখার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পথে ফুলতলা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সজোরে সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। দুর্ঘটনায় তাদের বাবা সাধন কুমার ও মা গুরুতর আহত হন।এ ছাড়া দুর্ঘটনায় নসিমনের চালক ও অপর এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।এদিকে চোখ বুজে দুই সন্তানকে হারিয়ে বাবা-মায়ের অবর্ণনীয় আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক ট্র্যাজেডিতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ পুরো ঝিকরগাছা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মূল প্রতিবেদনে যান ↗