কালবেলা · টেক
ড্রোন প্রতিরোধ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে ন্যাটো
১৩/১০/২০২৬

ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রাধিকার নতুন করে সাজাচ্ছে ন্যাটো। জোটটির কাছে এখন ড্রোন শনাক্ত ও ধ্বংস করার প্রযুক্তি এবং মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা সবচেয়ে জরুরি সক্ষমতার ঘাটতিগুলোর মধ্যে রয়েছে।
ন্যাটো ইনোভেশন ফান্ডের প্রধান আরি ইয়োনসন রয়টার্সকে এ কথা জানিয়েছেন। ২৪টি ন্যাটো দেশের সমর্থনে গঠিত ১০০ কোটি ইউরোর এই তহবিল পূর্ব ইউরোপে বিনিয়োগ বাড়াচ্ছে। এর অংশ হিসেবে পোল্যান্ডে কার্যক্রম সম্প্রসারণ এবং সরাসরি বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করাই এর লক্ষ্য। এসব প্রযুক্তি বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই কাজে লাগানো যায়।
ইয়োনসন বলেন, ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে ড্রোন অনুপ্রবেশের ঘটনা অন্য অনেক অঞ্চলের তুলনায় বেশি দেখা যাচ্ছে। এতে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে দেশগুলোর দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে।
তার মতে, এখন সবচেয়ে বেশি প্রয়োজন এমন প্রযুক্তি, যা ড্রোন শনাক্ত করতে, গতিবিধি অনুসরণ করতে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। পাশাপাশি মহাকাশভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির সক্ষমতা বাড়ানোও জরুরি।
ইয়োনসন জানান, ইউক্রেনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা তহবিলটির বিনিয়োগ কৌশলে বড় প্রভাব ফেলেছে। পোল্যান্ডের উচ্চ প্রতিরক্ষা ব্যয়, নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ এবং শক্তিশালী প্রকৌশল খাত দেশটিকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।
নতুন প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তি খুঁজতে তহবিলটি প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাইরেও নজর দিচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে ওয়ারশতে একটি কার্যালয় চালু করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাবনাময় নতুন প্রযুক্তি দ্রুত চিহ্নিত করা এবং সেগুলো ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি এক বিবৃতিতে বলেন, পোল্যান্ডের বাইরে থেকে গঠিত বড় কোনো তহবিলের মধ্যে ন্যাটো ইনোভেশন ফান্ডই প্রথম, যা দেশটিতে উল্লেখযোগ্য উপস্থিতি গড়ে তুলছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗