সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়েছিলেন রাফিনহা। ভারতের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলেননি। ক্লাব ফুটবলে দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ডের ইনজুরিতে অস্বস্তিতে পড়েছিল বার্সেলোনা। অবশেষে ভক্তদের সুখবর দিলেন কোচ হান্সি ফ্লিক।
শনিবার রিয়াল বেতিসের মাঠে নামার মতো ফিট রাফিনহা। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচগুলোতে তার সময় নিয়ন্ত্রণ করবেন ফ্লিক।
২৯ বছর বয়সী ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোট নিয়ে গেতাফে ও গ্যালাতাসারাইর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। বৃহস্পতিবার তিনি অনুশীলনে ফেরেন। গুরুত্বপূর্ণ সময়ে তাকে ফিরে পেতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। তৃতীয় স্থানে থাকা বেতিসের মুখোমুখি হবে বার্সা। তারপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে প্যারিসে যাবে এবং মৌসুমের প্রথম ক্লাসিকোতে তারা স্বাগত জানাবে রিয়ালকে।
বেতিসের বিপক্ষে খেলার জন্য রাফিনহা প্রস্তুত কি না প্রশ্নে শুক্রবারের সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ‘তার ব্যাপারে যদি জানতে চান, বলব সে শুরু থেকে প্রস্তুত থাকবে। আমার জন্য, এটি হবে ধাপে ধাপে এগোনোর। (বৃহস্পতিবার) সে অনুশীলন করেছিল, ভালোই করছে সে। আমাদের অনেক খেলা আছে, বিষয়টা সামলে চলতে হবে।’
রাফিনহা বার্সার হয়ে এই মৌসুমে ৮ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। তার সঙ্গে এই সপ্তাহে দলে ফিরছেন ফ্রেঙ্কি ডি ইয়াং। হাঁটুর সমস্যা নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।
