মাদকদ্রব্য বিক্রি ও সেবন, জুয়া কিংবা কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে। বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী রাজনীতি সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে অনুষ্ঠানে মোট ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের নির্দেশ দেন। তিনি বলেন, ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।
রাজনীতির ধরন নিয়ে ড. এম এ মুহিত বলেন, আগের দিনের হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির অবসান ঘটানো হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। জনগণের উন্নয়ন ও তাদের পাশে থাকার কথা না বলে দলটি সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে বলে মন্তব্য করেন তিনি। বিভক্তি ও অপপ্রচার ছড়ানোর রাজনীতি বর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকরা সম্মানিত হলে এবং উন্নত প্রশিক্ষণ পেলে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমএস/
