মাদকবিরোধী অভিযান নিয়ে নিজের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মাদকের সমস্যা ও প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না। এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা। কিছুই পরিবর্তন করতে পারবে না।’
পোস্টে ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি কিছুটা হলেও নতুন বন্দোবস্তের ধারক মনে করতেন। কিন্তু তাঁর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাহিদ মাদকের সমস্যা ও প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন তিনি। ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।’
পোস্টে তিনি আরও দাবি করেন, এনসিপির এক নেতা তাঁকে ফোন করে মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই নেতা মাদক তরুণদের ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে পরবর্তী অভিযানে তাঁকেও সঙ্গে নেওয়ার আগ্রহ জানিয়েছেন বলে দাবি করেন ইশরাক।
মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইশরাকের বক্তব্য, আইনপ্রণেতা হিসেবে পুলিশকে সঙ্গে নিয়ে বৈধ উপায়ে অভিযান চালানোর পরও যদি ফৌজদারি মামলার মুখে পড়তে হয়, তাহলে মাদক নির্মূলের কার্যকর উদ্যোগ কীভাবে নেওয়া সম্ভব?
নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক আরও লেখেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে মামলা করা যেতে পারে। সে ক্ষেত্রে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত বলেও পোস্টে উল্লেখ করেন।
মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পোস্টের শেষে বড় মাদক কারবারি ও বিক্রেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন ইশরাক। তিনি লেখেন, ‘শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
ইশরাকের এ বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
The post ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’ appeared first on ভোরের চেতনা.
