আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। সে হিসেবে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। খবর গালফ নিউজের।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসাবে, ২০২৭ সালে রমজান মাস ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে রমজানের সূচনা নির্ভর করবে চাঁদ দেখার ওপর, তাই তারিখটি এখনো চূড়ান্ত নয়।
রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।
