ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)। তাঁরা ত্রিশালের আমিরাবাড়ী এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কাজ শেষে বাড়ি ফেরার জন্য স্পিনিং মিলের কয়েকজন শ্রমিক একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নাইম মিয়া ও কামাল ফকিরের মৃত্যু হয়। এ সময় নারীসহ আরও ৯ জন আহত হন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, নিহত দুজনের মরদেহ বডিব্যাগে করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
দাবির উদ্দিন স্পিনিং মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর রাখতে মিলের একজন কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
