টেলিভিশনে নাটক দেখছিলেন মা। কিছুক্ষণ পর মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ছোট ছিদ্র দিয়ে উঁকি দেন তিনি। তখনই দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে ১৭ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস।
শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়ার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে দরজা ভেঙে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জান্নাতুল ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। তিনি মায়ের সঙ্গে লোহাগাড়ার রশিদার পাড়া এলাকায় বাবর নামে এক ব্যক্তির মালিকানাধীন ভাড়া বাসায় থাকতেন।
জান্নাতুলের মা মাহমুদা আক্তার বিউটি জানান, শনিবার সন্ধ্যায় তারা একসঙ্গে নাশতা করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে তিনি টেলিভিশনে নাটক দেখতে বসেন। প্রায় আধা ঘণ্টা পর মেয়ের কক্ষে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। দরজার ছোট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন তিনি।
প্রেমের সম্পর্কের জেরে অভিমান থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন জান্নাতুলের মা মাহমুদা আক্তার বিউটি। তার দাবি, সাইমন নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের কিছুদিন ধরে সম্পর্ক ছিল। ঘটনার দিনও ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলছিলেন জান্নাতুল। তবে এ ঘটনার সঙ্গে ওই সম্পর্কের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। পরে তার মা খাগড়াছড়ির বাসিন্দা বিশাল মাহমুদকে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় সংসারে আরও এক মেয়ে রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকে। আর জান্নাতুল মায়ের সঙ্গে লোহাগাড়ার ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, ভবনমালিক ফোন করে তাকে ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে যান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে কিশোরীর মরদেহ দেখতে পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
The post টিভিতে নাটক দেখছিলেন মা, উঁকি দিতেই দেখেন ফ্যানে ঝুলছে মেয়ে appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
