গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন জমা দেবে।
এরই মধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার রাসায়নিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউস ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ার ফাইটার কালাম।
আহত নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ওই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর ও ঢাকার ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সংবাদ: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
১৪ অক্টোবর ২০২৬
