যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের স্লোগান দিতে ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে শোনা যায়। তাঁরা তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
