ইয়োকোহামার মেয়র নির্বাচনে কোণঠাসা সাবেক মেয়রকে হারিয়ে নতুন প্রার্থীর জয়
আইনজীবী ও রাজনীতিতে নবাগত হারাসাওয়া আৎসুমি ইয়োকোহামার মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি সেই সাবেক মেয়রকে পরাজিত করেন, যিনি নগরীর কর্মীদের উপর ক্ষমতার অপব্যবহার বা হয়রানির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৫ লাখ ৫২ হাজার ২০৭টি ভোট পেয়ে জয়ী হন হারাসাওয়া। বিপরীতে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬টি ভোট পেয়ে তৃতীয় স্থান পান সাবেক মেয়র ইয়ামানাকা তাকেহারু। মোট সাতজন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন।
হারাসাওয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাপান ইনোভেশন পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল-এর স্থানীয় সংগঠনগুলোর সমর্থন পেয়েছিলেন। তিনি কোমেইতো-র স্থানীয় সংগঠন থেকেও কিছু সমর্থন লাভ করেন।
তিনি বলেন, ইয়োকোহামার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নাগরিকদের মতামতের ভিত্তিতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কী করা উচিত, তা তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। ইয়োকোহামাকে আরও উন্নত একটি স্থান হিসেবে গড়ে তুলতে মেয়র হিসেবে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৫৯ বছর বয়সি হারাসাওয়া ইয়োকোহামারই বাসিন্দা। বিমান মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করার পর পরবর্তীতে তিনি আইনজীবী পেশায় যোগ দেন।
প্রচার অভিযান চলাকালীন তিনি বলেন, হয়রানি সংক্রান্ত জটিলতায় স্থবির হয়ে পড়া পৌর প্রশাসনকে তিনি পুনরায় সক্রিয় করে তুলবেন। একজন আইনজীবী হিসেবে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও অনুশাসন সম্পর্কিত বিষয়গুলো মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি দলনিরপেক্ষ ভোটারদের সমর্থন অর্জন করেন।