দিল্লিতে ককট্রোচ যুব আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক হয়েছেন ২৯ বছর বয়সী ছাত্রনেত্রী নেহা বোরা। যন্তর মন্তরের কাছে থেকে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে আটক করা হয়েছিল।
এবারের মিছিলের অন্যতম কারণ ছিল সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তার। ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর এক দিন আগে ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থলের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
শুক্রবারের আটকের আগে দিল্লি পুলিশ দীপকের বাড়িতে গিয়ে মিছিল না করার বিষয়ে তাঁকে নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। ফলে মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান দেখানোর বিষয়েও তাঁকে পতাকা বিধির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
