সৌরভ-যুবরাজের কোচিং টিমে চামিন্দা ভাস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
-->আইপিএলের ২০২৭ আসরের আগে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস। প্রথমবারের মতো আইপিএলে কোচিং করানোর সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার ভাস। টেস্ট ক্রিকেটে তার শিকার ৩৫৫ উইকেট, ওয়ানডেতে ৪০০টি। নতুন সাজে গড়ে ওঠা দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিনি। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলী।
এর আগে চলতি সপ্তাহেই যুবরাজ সিংকে দলের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। গত দুই মৌসুমে দলের বোলিং কোচের দায়িত্ব পালন করা মুনাফ প্যাটেলের জায়গায় আসছেন ভাস।
৫২ বছর বয়সী ভাস এর আগে তিন দফায় শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোচিং ক্যারিয়ারের শুরুতে স্বল্পমেয়াদি চুক্তিতে নিউজিল্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে কাজ করেন।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন ভাস। পরে আবারও শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে ফিরিয়ে নেওয়া হয় তাকে।
কোচ হিসেবে আইপিএলে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন ভাস। তবে খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন সাবেক এই লঙ্কান কিংবদন্তি।
অনিক/
আরও পড়ুন
এখনই আলিসকে দলে নেওয়ার সঠিক সময়
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের ওয়ানডে দলে রহস্য স্পিনার আলিস আল ইসলামের অন্তর্ভুক্তিরও উপযুক্ত সময় এসেছে বলে মনে করেন লিটন দাস। জাতীয় দলের সঙ্গে সময় কাটালে এই তরুণ স্পিনার উপকৃত হতে পারেন বলেও বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে আলিসের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ঘরোয়া মৌসুম কাটানোর পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ প্রতিযোগিতাটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন এই স্পিনার।
লিটন বলেন, ‘অবশ্যই, আলিসের দিকে তাকালে দেখা যায়, সাদা বলের ক্রিকেটে সে খুব ভালো করেছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয়, তাকে দলে নেওয়ার এটাই সঠিক সময়। দলের সঙ্গে থেকে এবং বাংলাদেশের হয়ে অবদান রেখে সে যদি অনেক কিছু শিখতে পারে, তাহলে তা দলের জন্য উপকারী হবে।’
অনিক/
আরও পড়ুন
ফুটবলে ডিজিটাল হলুদ-লাল কার্ড!
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
-->ফুটবলে হলুদ ও লাল কার্ড মানেই শৃঙ্খলাভঙ্গের শাস্তি। রেফারির হাত থেকে কার্ড বের হওয়ার মুহূর্তটি মাঠে তৈরি করে বাড়তি উত্তেজনা। এবার সেই চিরচেনা দৃশ্যেই প্রযুক্তির ছোঁয়া। প্লাস্টিকের কার্ডের বদলে খেলোয়াড়দের সতর্ক করতে ডিজিটাল যন্ত্র ব্যবহার করেছেন এক রেফারি। দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে চলছে এই অভিনব প্রযুক্তির পরীক্ষা।
চলতি সপ্তাহের শুরুতে উরুগুয়ের কোপা উরুগুয়ে টুর্নামেন্টে নাসিওনাল ও রেনতিস্তাসের ম্যাচে যন্ত্রটি ব্যবহার করা হয়। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করেন ম্যাচ অফিশিয়াল এদুয়ার্দো ভারেলা। দেখতে অনেকটা ফোনের মতো যন্ত্রটিতে রয়েছে ডিজিটাল স্ক্রিন।
প্রযুক্তিটি তৈরি করেছে প্রতিষ্ঠান রেফে। এর পরিচালক মাউরো সাকো বলেন, ‘ফুটবলের একমাত্র যে বিষয়টি এখনো অ্যানালগ রয়ে গেছে, আমরা সেটিতেই প্রযুক্তি নিয়ে আসতে চাচ্ছি।’
তিন বছরেরও বেশি সময় আগে বৃষ্টির মধ্যে একটি ম্যাচ দেখতে গিয়ে সাকো ও তার সহযোগী দিয়েগো দে লা পেনিয়া এই ধারণা পান। তারা লক্ষ করেন, খেলোয়াড়কে বুকিং দেওয়ার পর রেফারিদের আবার সেই তথ্য ডিজিটাল সিস্টেমে লিখতে হচ্ছে। এই বাড়তি কাজ কমাতেই নতুন যন্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়।
যন্ত্রটির মাধ্যমে বুকিংয়ের সময়সহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যায়। উদ্ভাবকদের লক্ষ্য, উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের কোমেট প্ল্যাটফর্মে ম্যাচের আনুষ্ঠানিক রেকর্ড জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা।
তবে পরীক্ষায় কিছু সীমাবদ্ধতাও ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা স্ক্রিনের দৃশ্যমানতা। তীব্র সূর্যের আলোয় স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে মাঠের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা দর্শকদের পক্ষে সিদ্ধান্ত বোঝা কঠিন হয়ে পড়ে।
দে লা পেনিও জানান, ‘প্রকল্পটিতে এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। টিভির চেয়ে মাঠে সরাসরি এটি অনেক ভালো দেখাচ্ছিল। আমাদের মূল চ্যালেঞ্জ এখন সব ধরনের দর্শকের জন্য এর দৃশ্যমানতা বাড়ানো।’
'রেফে' আশা করছে এই প্রযুক্তিকে আরও উন্নত করে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফার’ স্বীকৃতি অর্জন করা সম্ভব হবে।
পাপ্পু/
আরও পড়ুন
লিসান্দ্রোর বিস্ফোরক মন্তব্যে নৈশভোজ বাতিল ম্যানইউ তারকাদের স্ত্রী-প্রেমিকাদের
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত
-->ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরমহলে উত্তাপ যেন কিছুতেই কমছে না। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। সেই বিতর্কের রেশ এবার ছড়িয়ে পড়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরেও। পরিস্থিতি সামাল দিতে নাকি নিজেদের পরিকল্পিত নৈশভোজও বাতিল করেছেন ম্যানইউর তারকা ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে একসঙ্গে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ম্যানইউর খেলোয়াড়দের সঙ্গীরা। তবে বিতর্কের মধ্যে নিজেদের আড়ালে রাখতেই শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারের হেল এলাকার ইতালীয় রেস্তোরাঁ সিবোতে তাদের জন্য বুকিং দেওয়া হয়েছিল। ম্যানইউর খেলোয়াড় ও কোচদের কাছে জনপ্রিয় এই রেস্তোরার একটি পুরো ফ্লোর বুক করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সেই বুকিং বাতিল করা হয়।
ক্লাবের পক্ষ থেকে আপাতত আলোচনার বাইরে থাকার পরামর্শ দেওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিবেদনটি। বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইছে ম্যানইউ। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নৈশভোজে মার্তিনেজের সঙ্গী মুরি লোপেজের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে। এ ছাড়া হ্যারি ম্যাগুইয়েরর স্ত্রী ফার্ন হকিন্স এবং ব্রুনো ফার্নান্দেজের স্ত্রী আনা পিনহোরও সেখানে যাওয়ার কথা ছিল।
আতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর বিতর্কের সূত্রপাত। ওই হারের পর ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্স এবং শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন মার্তিনেজ। তার অভিযোগ ছিল, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কোচ মাইকেল ক্যারিককে যথেষ্ট সমর্থন দেয়নি ক্লাব কর্তৃপক্ষ।
মার্তিনেজের মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে বুধবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করার চেষ্টা করেন তিনি। দিনটি ছিল আতলেটিকোর বিপক্ষে হারের পর খেলোয়াড়দের নির্ধারিত বিশ্রামের দিন। পরে উইলকক্স ও ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনার পর নতুন করে আরেকটি বিবৃতি দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তার মন্তব্যের জন্য জরিমানাও করা হয়েছে।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক জানিয়েছেন, মার্তিনেজের মন্তব্য নিয়ে দলের মধ্যে আর কোনো সমস্যা নেই। তার বিশ্বাস, নিজের ভুল বুঝতে পেরেছেন এই ডিফেন্ডার। এ নিয়ে বিতর্ক দলের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
ক্যারিক বলেন, ‘আমরা সবাই পরিস্থিতিটা বুঝতে পেরেছি এবং এর অর্থ কী, সেটাও বুঝেছি। লিসান্দ্রো অবশ্যই নিজের বিবৃতি দিয়েছে এবং স্বীকার করেছে যে তার কাছ থেকে ভুল হয়েছে। ব্যস, বিষয়টা আসলে এতটুকুই। দল হিসেবে আমাদের কাছে এটি মোটেও বড় কোনো নাটক নয়। সত্যি বলতে, আমরা বিষয়টি পেছনে ফেলে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে যা ঘটেছে, তা স্বীকার করাটাই যথেষ্ট হয়েছে। সে নিজের বিবৃতি দিয়েছে এবং বুঝতে পেরেছে যে ভুল করেছে। আমার মনে হয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার কাছে এটুকুই যথেষ্ট। আমরা এখন নিশ্চিতভাবেই বিষয়টি নিয়ে আর পেছনে ফিরে তাকাচ্ছি না।’
আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানইউর স্কোয়াডে থাকার কথা রয়েছে মার্তিনেজের। বিতর্ক পেছনে ফেলে মাঠের খেলায় মনোযোগ ফেরানোই এখন ক্লাবটির লক্ষ্য।
অনিক/
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজ জিততে চায় আফগানিস্তান
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত
-->সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন আফগানিস্তানের বেশ পরিচিত। দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনাররাও। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ঘুরে দাড়ানোর আত্মবিশ্বাসও রয়েছে তাদের। সব মিলিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আফগানিস্তান।
আফগান অধিনায়ক রহমত শাহ মনে করেন, আবুধাবি ও শারজায় নিয়মিত খেলার অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে। এই সুবিধা কাজে লাগিয়ে শিরোপা জিততে চায় দলটি। আজ (১৭ অক্টোবর) থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া এই ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানাতে গিয়ে আফগান অধিনায়ক রহমত শাহ স্পষ্ট করেই নিজেদের ফেভারিট হিসেবে তুলে ধরেছেন, ‘এই টুর্নামেন্টে আফগানিস্তানই ফেভারিট দল। কারণ, আমরা আমাদের বেশির ভাগ ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে খেলি, যার সিংহভাগ হয় আবুধাবি কিংবা শারজায়। তাই এখানকার কন্ডিশন বিবেচনায় আমরা সুবিধাজনক অবস্থানে আছি।’
তবে প্রতিপক্ষদের হালকাভাবে দেখছেন না আফগান অধিনায়ক। তার মতে, তিন দলই ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে নামছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখার প্রত্যাশা করছেন তিনি।
আফগানিস্তানের আত্মবিশ্বাসের পেছনে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ঘুরে দাঁড়ানোর স্মৃতি। ম্যাচের বড় একটা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র আদায় করে নেওয়াকে দলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রহমত।
রহমতের ভাষায়, ‘এটি একটি ঐতিহাসিক ম্যাচ, যেখানে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। মাঝপথে আমরা বেশ ভুগেছি, কিন্তু শেষ দেড় দিনে আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে লড়েছে, তার পুরো কৃতিত্ব ছেলেদেরই প্রাপ্য। বাংলাদেশ অনেকটাই এগিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ড্র করা অনেক বড় অর্জন।’
আফগান অধিনায়কের আশা, টেস্টের এই ফল ওয়ানডে সিরিজে দলকে বাড়তি আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে। সেই সঙ্গে রশিদ খান ও মোহাম্মদ নবীর দলে ফেরায় দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্রামে ছিলেন রশিদ এবং অভিজ্ঞ নবী।
তিনি বলেন, ‘নবী ও রশিদ দুজনেই বিশ্বমানের খেলোয়াড় এবং তারা তা বারবার প্রমাণ করেছেন। আমরা যতগুলো টেস্ট ম্যাচ জিতেছি, তার অনেকগুলোতেই রশিদ অন্যতম প্রধান কারণ ছিল। ওয়ানডেতে তাদের দুইজনকে পাওয়াটা আমাদের জন্য বিশাল সুবিধা হবে।’
