দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণের জন্য সাজেক ভ্যালি খুলে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।
গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জানান, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত থাকবে। অন্যদিকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
এর আগে গত ১১ অক্টোবর সন্ধ্যায় সাজেক সড়কে দুটি সংগঠনের অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। ওই দিন জারি করা গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বৃহস্পতিবার পাঠানো বিবৃতিতে সংগঠন দুটি জানায়, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেকের মাচলং বাজারেও এ উৎসব উদযাপন করা হবে। পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অবরোধ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে ডাকা হয়নি। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠন দুটি।
The post দুর্গাপূজার জন্য অবরোধ স্থগিত, খুলল সাজেক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
